ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাফ পরিবহনের অবৈধ স্ট্যান্ড
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১১:০১ পিএম
রাজধানীর অন্যতম প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ইউটার্নে অবৈধ বাস স্ট্যান্ড বসিয়েছে নাফ পরিবহন। এতে মহাসড়কে যেমন তৈরি হয় যানজট তেমনি ইউটার্ন পারাপারে ঝুঁকি নিচ্ছেন সাধারণ মানুষ।
রোববার (২৪ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে নাফ পরিবহণের কর্তৃত্ব যেন দেখার কেউ নেই। মহাসড়কের উপরই বসিয়েছে অবৈধ এই বাস স্ট্যান্ড। যার কিছুক্ষন সামনেই (পূর্ব দিকে) রয়েছে হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্স। তবে মহাসড়কের মধ্যে নাফ পরিবহণের বাসস্ট্যান্ড রহস্যজনক কারণে তাদের চোখে পরছে না।
অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নাফ পরিবহণ শিমরাইল মোড় থেকে সোনারগাঁয়ের মোড়গাপাড়া চৌরাস্তা পর্যন্ত চলাচল করে। মহাসড়কে এই পরিবহণের অনুমতি ও অনুমতি ছাড়া প্রায় ২৫/৩০ টি বাস চলাচল করে থাকে। মহাসড়কে এই নাফ পরিবহনের অনেক বাস দেখা গেছে যাদের নাম্বার প্লেটই নেই। তবে তারা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে নির্দ্বিধায়। দৈনিক নাফ পরিবহণের বাস প্রতি ৮৫০ টাকা (জিপি) জমা নেয়া হয়। পরিবহনের এই জিপির টাকার বড় একটি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী ও হাইওয়ে পুলিশের বিরুদ্ধে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, নাফ পরিবহনের একাধিক বাসের চালক অপ্রাপ্তবয়স্ক। তাদের নাই কোন ড্রাইভিং লাইসেন্স। তারা সবসময় বেপরোয়াভাবে গাড়ি চালায়। তাদের বিরুদ্ধে পুলিশও কোন ব্যবস্থা নেয় না।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা কারো কাছ থেকে কোন টাকা নেই না। তবে হাইওয়ে পুলিশের নাম ভাঙিয়ে কেউ টাকা নিলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। যদি কেউ রাস্তা দখল করে অবৈধ স্ট্যান্ড তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনি রেকার পাঠাচ্ছি।


