মোটর সাইকেলের গোপন কুঠুরিতে ফেন্সিডিল, গ্রেফতার ২
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৮:৩৩ পিএম
সোনারগাঁও থানার আষাঢ়িয়ারচর মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রীজ লিমিটেড এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোষ্টে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৮ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ রিয়াজুল ইসলাম (৪১), পিতাঃ মৃত সিরাজুল ইসলাম, গ্রামঃ রাধানগর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা এবং ২। মোঃ কাউছার আহমেদ (৩০), পিতা- রুহুল আমীন, গ্রামঃ বলরামপুর, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।
র্যাব জানায়, ২৫ অক্টোবর ৪ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পরিবহনের সংবাদ পাওয়ার পর র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার আষাঢ়িয়ারচর মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রীজ লিমিটেড এর গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট করাকালীন ২ ব্যক্তি মোটরসাইকেল যোগে আসার সময় মাটরসাইকেলটিকে সিগন্যাল দিলে তারা মোটরসাইকেলটি না থামিয়ে স্পীড আরো বাড়িয়ে দিয়ে পালিয়ে যেতে থাকে।
এরূপ অস্বাভাবিক আচরণ দেখে র্যাবের চৌকস দল মোটরসাইকেলটির পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে ১ জন আসামী তার মোটরসাইকেলটি ফেলে দৌড়ে নদীতে ঝাপ দেয়। তাকে নদী থেকে উদ্ধার করে এবং অপর জনকেও ধরে ফেলে র্যাবের চৌকস দল। জিজ্ঞাসাবাদে তারা তাদের মোটরসাইকেলে মাদক বহন এর কথা স্বীকার করে। র্যাব কর্তৃক মোটরসাইকেল তল্লাশি করে সীটের নিচ এর গোপন কুঠুরি থেকে ৮৮ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল এবং ৩টি সীম উদ্ধার করা হয়। উপরোক্ত আসামীদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


