নারী সংবাদিককে মারধরের ঘটনায় ওসমান গণি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৮:৪৩ পিএম
একটি বেসরকারী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মনি ইসলামকে মারধরের মামলার মূল আসামী হাজী ওসমান গণিকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে তাকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলীর আকবর নগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে আকবর নগর গ্রামের হাজী সামাদ আলী এর ছেলে।
র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা (পিএসসি) জানান, গত ২৩ অক্টোবর বক্তাবলী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুস্কৃতিকারীদের হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি মনি ইসলাম (২৬)। ঐ এলাকায় খবর সংগ্রহ করতে গেলে ওসমান গণি ও তার সহযোগিরা তার সাথে অশ্লিল আচরন ও মন্তব্য করে। ভুক্তভোগী সাংবাদিক তাদের অসদাচরণের প্রতিবাদ করলে দুস্কৃতিকারিরা তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তার পেটে লাথি মেরে গুরুতরভাবে আহত করে।
এসময় তাকে বাঁচাতে এশিয়ান টিভির ক্যামেরা ম্যান আবু বক্করসহসহ আরো একজন এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। হামলাকারীরা ভুক্তভোগী নারী সাংবাদিকের মোবাইল ফোন, মাইক্রোফোন ও হ্যান্ডি ক্যামেরা কেড়ে নেয়। পরবর্তীতে হামলার শিকার আহত নারী সাংবাদিক ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারায়ণগঞ্জের সাংবাদিক মহলসহ স্থানীয় সুশীল সমাজে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওসমান গণি নারী সাংবাদিকের উপর হামলা ও মারধরের কথা স্বীকার করে।


