মোটর সাইকেলযোগে পাচারকালে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ১১:২২ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় মাদক বিরোধী অভিযানে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচারকালে ৪ হাজার ৮ শত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি অভিযানিক দল।
সোমবার (০১ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ রায়হান (৩১) ও ২। মোঃ জিয়া উদ্দিন সাগর (২৮)। এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলও জব্দ করা হয়।
র্যাব জানায়, ১লা নভেম্বর ভোরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় মাদক বিরোধী অভিযানে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচারকালে ৪ হাজার ৮ শত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রায়হান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভারগাঁও এলাকার আবু দায়েন এর ছেলে ও অপর আসামী মোঃ জিয়া উদ্দিন সাগর নোয়াখালী জেলার সেনবাগ থানার মৌটুবী এলাকার মোঃ আঃ রব এর ছেলে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে গ্রেফতারকৃত আসামীরা মোটর সাইকেল আরোহীর ছদ্মবেশ ধারণ করে মাদকের বিপুল পরিমাণ চালান নিয়ে নিয়মিত চলাফেরা করে আসছিল।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে মোটর সাইকেলযোগে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


