সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ছুরিকাঘাতে নবকুমার সাহা নামের এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) রাতে সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।
পরে নবকুমার সাহার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত নব কুমার সাহা নরসিংদীর হাজীপুরে গ্রামের নারায়ণ সাহার ছেলে। সে রূপগঞ্জের বান্টি বাজারে একটি থ্রী পিছের শো রুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নবকুমার সাহার প্রেমিকা তাহমিনা ও বন্ধু রহমত আলীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের ধারনা হত্যাকান্ডটি পরিকল্পিত।
ঘটনাস্থল থেকে নবকুমারের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে আটকৃত দুজন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ ইকবাল হোসেন জানান, নবকুমার সাহা ও তাহমিনার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। নবকুমারের বিয়ে নিয়ে তার বাড়িতে পরিবারের সঙ্গে মনমালিন্য চলছে। রোববার সন্ধ্যা ৭ টার দিকে মোটর সাইকেলযোগে কর্মস্থল থেকে মদনপুর বন্ধু রহমত আলীকে রিসিভ করার জন্য যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর ইউনিয়নের পাকুন্ডা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে স্থানীয় দুজন ব্যক্তিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাউছিয়া আল রাজী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।


