ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠ হবে : ডিসি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১১:১১ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠ হবে এবং এর জন্য প্রয়োজনে জেলা ত্যাগ করতেও আমি প্রস্তুত আছি। নির্বাচন শতভাগ সুষ্ঠ হবে। তার জন্য যদি আমাদের এখান থেকে চলে যেতেও হয় আমরা রেডি আছি। সুষ্ঠ নির্বাচন করার জন্য যা যা করার আমরা সবটাই করবো।
মঙ্গলবার (২ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটু মেনে নেয়া শিখেন। চারজন লড়াই করছে একজনই কিন্তু পাশ করবে। আপনারা যদি নির্বাচনী আচরণবিধি পালন না করেন তাহলে ৩টা ক্যাম্পের কথা থাকার পরও যদি ৯টা ক্যাম্প করেন আমরা বাকি গুলো ভেঙ্গে দিবো। আপনি যেই হননা কেনো আপনি কিন্তু ঠেকাতে পরাবেন না। আমাদের পুলিশ আছে, র্যাব আছে এবং আমার ম্যাজিস্ট্রেটও আছে যারা আপনাদের চেনে না। আমরা সবাই নির্বাচন কমিশনের অন্তরভুক্ত, যদি নির্বাচন কমিশন মনে করে আমি নিরপেক্ষভাবে কাজ করছি না তাহলে কিন্তু তারা আমাকে প্রত্যাহার করতে পারে।
সভায় পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, কেউ যদি জেলের ভাত খেতে চান, পুলিশের দৌড়ানি খেতে চান তাহলে আপনারা অনিয়ম করেন। সেখানে আমি আপনাকে কিছু বলবো না। ঠিকানা একটাই হবে হয়তো জেলখানা বা পুলিশের দৌড়ানি। আমরা উন্নয়নের মহাসড়কে রয়েছি। আমাদের সকলের নির্বাচন কমিশনের উপর বিশ্বাস আছে। তারা একটি সুষ্ঠ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দিবে। এই আশা রেখেই কিন্তু আপনারা নির্বাচনে অংশ নিয়েছেন। আমাদের আশা সুন্দর আনন্দঘন পরিবেশে এ নির্বাচনে আপনারা অংশ নিন। আমরাও আপনাদের সাথে এই উৎসবে অংশগ্রহন করতে চাই।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খুদা’র সভাপতিত্বে এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, বন্দর নির্বাচন কর্মকর্তা ও ৬টি উপজেলার চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা।


