রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ২ নারী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১০:৪৩ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে খেয়া পাড়াপাড়ের সময় ২০ যাত্রীসহ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই নারী নিখোঁজ রয়েছে।
বুধবার রাতে উপজেলার চনপাড়া-নোয়াপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই নারী হলেন: চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে চিটতি (১৭) ও তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০)।
চনপাড়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মন্টু কুমার দাস জানান, বুধবার রাতে ২০ যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া থেকে নোয়াপাড়া খেয়া পাড়া পাড়ের সময় নদীর মাঝখানে গেলে নৌকাটি হঠাৎ ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা ২০ জন যাত্রীর মাঝে ১৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও চিটতি ও জাবেদা বেগম নামে ২ জন নারী নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো নিখোঁজদের উদ্ধার করা যায়নি।


