আলীরটেকে আনারস নিয়ে সায়েম আহমেদের গণ-সংযোগে জনতার ঢল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১১:৪৫ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কা প্রতীক নিয়ে এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ সায়েম আহমেদ ব্যাপক গণ-সংযোগ করেছেন। বুধবার (৩ নভেম্বর) বিকেলে আলীরটেক ইউনিয়নের এ গণ-সংযোগে কয়েক হাজার নারী-পুরুষ প্রকাশ্যে আনারস মার্কায় সায়েম আহমেদের পক্ষে ভোট প্রার্থনা করেন।
সায়েম আহমেদ আলীরটেক ইউনিয়নের গোপচর, কুকেরপাড় ও কুড়েরপাড় বাজার সহ মোট ৩টি ওয়ার্ডে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভোট প্রার্থনা করেন। পরে কুড়েরপাড় বাজারের সামনে এসে এই নির্বাচনী গণসংযোগ প্রথম দিনের মত সমাপ্ত করেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ বলেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নৌকার মনোনয়ন জাকির সাহেব পেয়েছেন কিভাবে পেয়েছেন সেটা আমি জানিনা ? উনি বাংলাদেশ আওয়ামীলীগের কেউ না। আওয়ামীলীগের কোন পদ পদবীতে উনি নেই। কিন্তু তারপরেও উনি নৌকার প্রতীক পেয়েছেন। উনি ওনার নির্বাচন করবেন এতে আমাদের কোন বাধাঁ-বিপত্তি নেই। আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী। আমার গ্রামের মানুষের চাওয়া পাওয়া যে, আমাদের গ্রামের একজন প্রার্থী হোক। আমাদের গ্রামের বিগত প্রায় ৪৫ বছর যাবৎ কোন প্রার্থী নেই। গ্রামের মানুষের এই চাওয়া পাওয়াকে পূরণ করার লক্ষ্যে তাদের সাথে আমি একমত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
সায়েম আরো বলেন, আমি সকলকে আহবান জানাবো আপনারা কোনো ঝগড়া করবেন না। যার যার নির্বাচন সে সে করবে। আপনাদের যার যার ভোট আপনারা নিজেরা দেবেন। ভোটের অধিকারটা আদায় করার জন্য আমার এই নির্বাচন। আপনাদের ভালবাসায় এবং মা-বোনদের দোয়ায় আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি। জাকির সাহেব অনেক টাকার মালিক। কিভাবে মালিক হয়েছে আমরা জানি না। উনি এলাকায় প্রভাব বিস্তার করছেন। বিভিন্ন এলাকায় আমার কর্মীদের হুমকি দিচ্ছেন।
এছাড়াও সায়েম বলেন, মিথ্যা মামলার ঘটনাটা আপনারা সকলেই জানেন। আমি দেওভোগের একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। ঐ সময়ের একটি তুচ্ছ ঘটনায় তারা একটি মিথ্যা মামলা করেছে। আমাকে আমার বৃদ্ধ বাবা, ভাই ও আওয়ামীলীগের কর্মীসহ মোট ২২ জনকে আসামী করে এ মিথ্যা মামলা করেছিলো। সকলের দোয়ায় আমরা এখন জামিনে আছি।
এসময় বক্তব্যকালে হঠাৎ একই রাস্তায় নৌকা প্রতীকের একটি মিছিল আসলে সায়েম আহমেদ সকল কর্মী সমর্থকদের শান্ত থাকার নির্দেশ দিয়ে বলেন, কুকুর যদি পায়ে কামড়ায়, আপনারা কুকুরকে কামড়াতে যাবেন না। কারণ কুকুরের লেজ কখনো সোজা হয়না। আপনারা কেউ ঝগড়াঝাটি করবেন না। আপনাদের ভোট আপনারা দেবেন, যাকে খুশি তাকে দেবেন।


