আবু সুফিয়ানের নেতৃত্বে নৌকার পক্ষে গণ-সংযোগ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১১:২৮ পিএম
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদের পক্ষে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় একেএম আবু সুফিয়ানের নেতৃত্বে ফরাজিকান্দা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে আলীনগর, উপজেলা, ঘারমোড়া, চূণাভুড়া, আলী সাহাদী, শুভ করদী ও কলাগাছিয়া বাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
গণসংযোগ শেষে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে আওয়ামী লীগের উন্নয়ন ধারা অব্যাহত করার আহবান জানিয়ে একেএম আবু সুফিয়ান বলেন, ১৯৭১ সালে এই নৌকার নেতৃত্বে আমরা স্বাধীনতা পাই। আজকে নৌকা মার্কায় মানুষ ভোট দিয়ে স্বপ্নের পদ্মা সেতু পেয়েছে এবং কর্ণফুলি টানেল হচ্ছে। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আর নৌকা মার্কায় ভোট না দিলে কি হয় তা বন্দর বাস স্ট্যান্ডের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তাকালেই বুঝা যায়। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অথচ কলাগাছিয়া ইউনিয়নের প্রধান সড়কের বেহাল অবস্থা। কারণ হলো এখানে নৌকার জনপ্রতিনিধি নাই। নৌকা মার্কার যারা লোক, যারা নৌকা মার্কার জনপ্রতিনিধি তারা দেশকে যেভাবে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে এবং যেভাবে মানুষের পাশে দাড়ায় সেভাবে অন্য কোনো মানুষ দাড়াতে পারে না। তাদের দেশের মানুষের প্রতি টান নেই।
তিনি আরও বলেন, আজকে কলাগাছিয়া মানুষের প্রতি আমার আহবান, এই কলাগাছিয়াতে অনেক ওলি-পীরদের আগমন হয়েছে। এ এলাকা থেকে অনেক সন্তান জন্ম নিয়েছেন যারা কিনা বাংলাদেশের অনেক জায়গাতে নেতৃত্ব দিয়েছেন। যারা কলাগাছিয়া ইউনিয়নকে বলে ‘কলাগাইচ্ছা’ তাদেরকে আপনারা এর জবাব দিবেন ১১ তারিখে। তাদের বলবেন আমরা কলাগছিয়া ইউনিয়নের লোক কলাগাইচ্ছা না। আপনাদের প্রতি আহবান আপনারা কাজিম উদ্দিন ভাইকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। সব রক্ত চক্ষুকে উপক্ষো করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ইনশাল্লাহ আমাদের নৌকার জয় হবেই।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, মহিলা সম্পাদিকা মরিয়ম আক্তার কল্পনা, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির এলিন, আনোয়ার হোসেন আনু, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী শহিদ, শ্রমিকলীগ নেতা লিটন, যুবলীগ নেতা কবির হোসেন টিটু, আলমগীর হোসেন ও আক্তারুজ্জামান প্রমুখ।


