অস্ত্র ও জাল টাকাসহ কথিত সংগঠন তৃণমূল আওয়ামী লীগ নেতা গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১১:৪০ পিএম
সিদ্ধিরগঞ্জে অবৈধ অস্ত্র ও জাল টাকাসহ কথিত তৃণমূল আওয়ামী লীগ নামক সংগঠনের নেতা খন্দকার কামাল ওরফে এমকে সাগরকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। বুধবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে এমকে সাগর ও তার দুই সহযোগিকে গ্রেফতার করে র্যাব-১১।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এতথ্য জানান। তিনি বলেন, সে তৃণমূল আওয়ামী লীগ নামক এক ভুইফোড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। ভুক্তভোগীদের আকৃষ্ট করতে নানা সময়ে সে রাজধানীর বিভিন্ন অডিটোরিয়াম ভাড়া নিয়ে ছোটো খাটো দলীয় সভা সমাবেশের আয়োজন করত। এ সকল অনুষ্ঠানে ছবি ও ভিডিও সে ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করত।
এছাড়াও ভুক্তভোগীদের বিভিন্ন সময় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন ছাড়াও এবং চাঁদার অর্থ না পেলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তাদের ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট পূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার হুমকি প্রদান করতো। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার সখ্যতার প্রমাণ হিসেবে এডিট করে নিজের ছবি সংযুক্ত করে এবং ভুয়া মেসেজ আদান প্রদানের স্ক্রিনশট প্রদানের মাধ্যমে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করতেন।
পরবর্তীতে যখন প্রতারিত ব্যক্তি বিষয়টি বুঝতে পারতো তখন তাদের অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করতো এমকে সাগর। এসএসসি পাশ দাবিকৃত এমকে সাগরের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ গ্রহণ ছাড়াও প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে প্রতারণা, জাল টাকার কারবার ও নারী পাচার এর অভিযোগও রয়েছে।


