রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য (মেম্বার) তাওলাদ হোসেনের শ্যালক আব্দুর রশীদ (৩২) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে রশীদ।
শনিবার (৬ নভেম্বর) রাত ৮টায় উপজেলার মীরকুটিরছেও চৌরাস্তায় এঘটনা ঘটে। রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলের ব্যক্তিগত বডিগার্ড জসিমের গুলিতে আব্দুর রশিদ নিহত হয়েছে বলে জানা যায়। নিহতের ভাই খলিল মোল্লার অভিযোগ পূর্বশত্রুতার জের ধরে জসিম তাকে শর্টগান ঠেকিয়ে গুলি করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


