চাকরির প্রলোভনে ভারতে পাচারকারী ২ সদস্য গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ১২:২৩ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাতে তাঁতখানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন: কুমিল্লার দেবীদ্বারের এগার গ্রামের মৃত ডা. অনিল কুমার দত্তের ছেলে সেন্টু কুমার দত্ত (৪৫) এবং নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়ার কালাচান ব্যাপারীর মেয়ে মোসা. আনোয়ারা বেগম (৬৭)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত দুজন একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে নারী পাচার করে আসছে। দরিদ্র ও অল্প বয়সী মেয়েদের প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তারা প্রলুব্ধ করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি ঝাউডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা, বেনাপোল, যশোরসহ বিভিন্ন সুবিধাজনক সীমান্ত দিয়ে তাদের সিন্ডিকেটের নারী সদস্যদের সহযোগিতায় ভারতে নারী পাচার করতো। সেখানে তাদের যৌনকর্মে বাধ্য করাতো। এ ঘটনায় জড়িতদের আটকে কার্যক্রম চলমান আছে।


