Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলীতে ফুসকা বিক্রেতা মেম্বার পদপ্রার্থী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:৩৭ এএম

বক্তাবলীতে ফুসকা বিক্রেতা মেম্বার পদপ্রার্থী
Swapno

সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকার মো. মোস্তফার দ্বিতীয় ছেলে দ্বীন ইসলাম (৪১)। তিনি একজন ফুচকা বিক্রেতা। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কানাইনগর পশ্চিমপাড়া এলাকায় তার বসবাস। সহজ-সরল বিনয়ী দ্বীন ইসলাম ফুচকা বিক্রি করে এলাকার ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। রাজনীতি কিংবা ঝগড়া বিবাদে না জড়ানো এবং মুখে সদা হাসি লেগে থাকায় ছোট বড় সবার প্রিয় দ্বীন ইসলাম।

 

এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার (সদস্য) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দ্বীন ইসলাম। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে অংশ নিয়েছেন এই ফুচকা বিক্রেতা। তার প্রতীক টর্চলাইট। তবে দ্বীন ইসলামের অভিযোগ, নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক চেষ্টা চালিয়েছেন। তবে শেষ পর্যন্ত তারা সফল হতে পারেননি।

 

সরেজমিন গিয়ে দেখা যায়, টিনের দুচালা ঘরে দুই মেয়ে এবং স্ত্রী নিয়ে বসবাস দ্বীন ইসলামের। ঘরে তেমন আসবাবপত্র নেই। টিনের ছোট ছিদ্র দিয়ে ঘরে ঘরে রোদের আলো প্রবেশ করছে। পাশে রয়েছে একচালা টিনের একটি গোয়ালঘর, বাথরুম ও টিউবওয়েল।

 

আর্থিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও কেন নির্বাচনে অংশ নিয়েছেন, এমন প্রশ্নে কিছুটা বিব্রত হলেও নমনীয় স্বরে স্পষ্ট ভাষায় দ্বীন ইসলাম বলেন, ‘করোনায় লকডাউনের শুরুতে আমার ফুচকা বিক্রি বন্ধ হয়ে যায়। তাই সাহায্য-সহযোগিতার জন্য স্থানীয় মেম্বারদের কাছে যাই। কিন্তু তারা কোনো সহযোগিতা করেননি। এমনিভাবে আরও অনেকেই সাহায্য না পেয়ে ফিরে গেছে। তাই আমি প্রতিজ্ঞা করেছি মেম্বার নির্বাচন করবো। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো যাতে কাউকে না খেয়ে থাকতে না হয়। এজন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।’

 

দ্বীন ইসলাম প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আর বিকেলে প্রসন্ননগর ও কালীনগর এলাকায় ঘুরে ফুচকা বিক্রি করেন। ফুচকা বিক্রি করেই তার সংসার চলে। ফুচকা বিক্রি করে জমানো টাকা দিয়ে বাবার জমিতে পাঁচ বছর আগে ঘরে তুলে বসবাস করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন