Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ২ নারী নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০২:৪২ পিএম

ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ২ নারী নিহত
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের ভয়াবহ বিস্ফোরণে দুই নারী নিহতসহ আরও ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, মায়া রানী (৪০) ও মঙ্গলী রানী (৩৫)। এদের মধ্যে মায়া রানী পাশের সুমির বাড়ির ভাড়াটিয়া আর মঙ্গলী রানী পথচারী।

 

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁ এলাকার মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের ৫টি কক্ষসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল চূর্ণ হয়ে গেছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন পক্ষ থেকে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

জানা যায়, ভোর ৬টার দিকে বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও তিনটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার তিনটি বাড়ির দেয়াল উড়ে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় মায়া রানী ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান। মায়া রানীর দুই মেয়ে বৃস্টি (১৪), সৃস্টি (১০) ও এক ছেলে নির্জয় (৩)সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের প্রত্যেককে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক।
 

একইসময় মঙ্গলী রানী তার মেয়ে পূর্নীমাকে নিয়ে এপথে হেটে যাচ্ছিলেন। তখন বিস্ফোরণের দেয়ালের ইট বালু উড়ে এসে উপড়ে পড়ে গুরুতর আহত হয় মঙ্গলী এবং মাথায় ও পায়ে আঘাত পায় তার মেয়ে পূর্নিমা। তাদের দুজনকে নগরীর ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলী রানী মারা যান এবং পূর্নীমাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রান্নাঘরের গ্যাস কোনো কক্ষে জমে ছিল। তা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বিস্ফোরণের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, দুই নারী নিহত হয়েছে। ৮জন ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও কয়েকজন আহত হয়েছে তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন