জামিনে মুক্ত নাসিক কাউন্সিলর সাদরিল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১১:০৮ পিএম
জামিনে মুক্ত হলেন নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলের দিকে তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হোন। এর আগে এদিন দুপুরের দিকে উচ্চ আদালত থেকে তিনি জামিন পান। গোলাম মোহাম্মদ সাদরিল নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলে।
এর আগে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় ২৫ অক্টোবর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় কাউন্সিলরের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ । জামিনের বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন বলেন, জামিনের পাশাপাশি আদালতে রিট করা হয়েছিল যেন কোন পেন্ডিং মামলায় সিটি করপোরেশন নির্বাচনের আগে তাকে হয়রানি করা না হয়। আদালত রিটের প্রেক্ষিতে নির্বাচনের আগে কোন পেন্ডিং মামলায় তাকে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সাদরিল নাশকতার মামলার আসামি ছিলেন। তিনি ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, ওই একই মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন কাউন্সিলর সাদরিল। পরবর্তীতে আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদনও করেছিলেন। তবে, আদালত সে আবেদনের কোনো আদেশ দেননি। পরে সিদ্ধিরগঞ্জ পুলিশ তাকে গ্রেফতার করে সিআইডির কাছে হস্তান্তর করলে সিআইডি তাকে আদালতে হাজির করে। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।


