তফসিল ঘোষণা শেষে জোরেশোরে চলছে কাউন্সিলর পদপ্রার্থীদের গণসংযোগ
সিদ্দিরগঞ্জ প্রতিনিধি।
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৮:১৭ পিএম
দরজায় কড়া নাড়ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে নাসিক নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই পুরোদমে গণসংযোগ শুরু করেছেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা। তফসিল অনুযায়ী, নাসিক নির্বাচন ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাই এবং ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।
নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে থাকলেও এখনো দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নাসিকের ১০টি ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজার-ঘাট, অলি-গলি, রাস্তা-ঘাটে, আনাচে-কানাচে, বৈদ্যুতিক খুঁটিতে, বাড়ির ছাদে, মসজিদ-মন্দিরসহ সামাজিক প্রতিষ্ঠানের আশেপাশে শুভেচ্ছা,ধন্যবাদ, অভিনন্দনের ব্যানার ছেয়ে গেছে।
এসকল ব্যানার বেশির ভাগই হচ্ছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে থাকা সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের। এদিকে বিএনপিসহ বিরোধী দলীয় সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। তারা সবাই দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে যে, তাদের দল আদৌও নির্বাচনে যাবে কি-না? তবে বিরোধী দলীয় অনেক সম্ভাব্য প্রার্থী ভিন্ন কৌশল অবলম্বন করে প্রচারণার মাঠে আছে।
এদিকে বর্তমানে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। যার মধ্যে নির্বাচনী প্রচারণায় ফেসবুকের ব্যবহার সবচেয়ে বেশি। যারা বর্তমানে নাসিকের ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, তারা তাদের দ্বারা সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের ছবি ও তথ্য পৌঁছে দিচ্ছেন সাধারণ ভোটারদের কাছে। আর যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন তারাও ফেসবুকে বর্তমান কাউন্সিলরদের নানা দোষত্রুটি তুলে ধরছেন।
এ বিষয়ে কথা হয় নাসিক ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃবিল্লাল হোসেনের সাথে। তিনি বলেন, আমরা আমাদের পছন্দের মানুষকেই ভোট দিবো। যাতে ওয়ার্ডের সাধারণ মানুষ আরো সুযোগ-সুবিধা পায়। তিনি আরও বলেন,নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে আমরা সবাই সচেতন।
এ বিষয়ে জানতে চাইলে বর্তমান ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো.ওমর ফারুক জানান, গত নির্বাচনে আমার ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তাই আমি তাদের সেবায় কাজ করার সুযোগ পেয়েছি। এবারও তারা আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন সেই প্রত্যাশাই করি।
এদিকে নাসিক প্যানেল মেয়র ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ৬নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছি। আমি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে সবসময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করে যেতে চাই।
আগামী নাসিক নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান জানান, দল যার হাতে নৌকা তুলে দিবেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ তার হয়েই নির্বাচনী মাঠে থাকবে।
উল্লেখ্য, ২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হচ্ছে তৃতীয় নির্বাচন। প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে এবং এবার ভোট হবে ইভিএমে। প্রথমবার নির্দলীয় প্রতীকে ভোট হয় এ সিটিতে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চালুর পর এটি দ্বিতীয় নির্বাচন হতে যাচ্ছে।


