নয় মাসের অন্তঃসত্ত্বা নারীর, প্রেমিক পালিয়েছে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:২০ পিএম
নগরীর সিদ্ধিরগঞ্জে ৩৩ বছর বয়সী এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পালিয়েছে প্রতারক প্রেমিক। এ ঘটনায় ভূক্তভোগী অন্তঃসত্ত্বা নারী গতকাল বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জ থানায় প্রতারক মো. দ্বীন ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত মো. দ্বীন ইসলাম কিশোরগঞ্জ জেলার অষ্টোগ্রাম থানার বীর গাঁও এলাকার মৃত আ. হকের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত মো. সাইফুল ইসলাম। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ১১ মাস অভিযোগকারী নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে অভিযুক্ত দ্বীন ইসলাম। বর্তমানে ওই নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আসামীকে গ্রেপ্তারের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ভূক্তভোগী নারী অভিযোগ করেছেন বিগত ১০ বছরের অধিক সময় ধরে সিদ্ধিরগঞ্জের একটি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন তিনি। প্রায় দু’বছর আগে একটি কণ্যা সন্তান ও একটি ছেলে সন্তান রেখে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যায়। এরপর থেকে বিভিন্ন বাসা বাড়ীতে কাজ করে সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।
এক বছর আগে পাশের বাড়ীর ভাড়াটিয়া দ্বীন ইসলামের সাথে তার পরিচয় হয়। তিনি জানান, দ্বীন ইসলাম তাদের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বিধায় তার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে দ্বীন ইসলাম তাকে জানায়, পিতা ছাড়া মেয়েকে বিয়ে দেয়া অনেক কষ্টোসাধ্য এবং পিতা ছাড়া ছেলে-মেয়ে মানুষও করা যায়। দ্বীন ইসলাম বিয়ে করবে জানিয়ে দীর্ঘ ১১ মাস তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে।
ভূক্তভোগী নারী আরো বলেন, এক সময় তিনি অন্তঃসত্বা হয়ে পড়েন এবং বিষয়টি দ্বীন ইসলামকে জানালে দ্বীন ইসলাম তাকে জানায় গ্রামের বাড়ীতে নতুন ঘর না তুলে বিয়ে করা যাবেনা। কিছুদিন সময় পেলে সে গ্রামের ঘর তুলে তাকে বিয়ে করবে। এরপর থেকেই দ্বীন ইসলাম আত্মগোপনে চলে যায়।


