নাসিকে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার-ফেস্টুন ছিড়ে ফেলছে দুর্বৃত্তরা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৩:২৬ পিএম
তফসিল ঘোষণার পূর্ব থেকেই পোস্টার-ফেস্টুন ছিড়ে ফেলছে দুর্বৃত্তরা।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। চালিয়ে যাচ্ছেন এলাকার সমাজপতি, বয়স্ক ও মুরব্বিদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ। বাড়িয়ে দিচ্ছেন সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ।
নানা কৌশলে আলোচনায় আনছেন নিজেদের কাউন্সিলর প্রার্থী হওয়ার ব্যাপারটি। তবে তফসিল ঘোষণার পূর্ব থেকেই পোস্টার-ফেস্টুন ছিড়ে ফেলছে দুর্বৃত্তরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উঠান বৈঠকে চরম ক্ষোভ প্রকাশ করছেন কাউন্সিলর প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড। আসছে এবার নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে অর্ধশতাধিক কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে উঠান বৈঠক ও আলোচনা সভার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা।
প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ব্যানার ও ফেস্টুন এবং পোস্টার সাটিয়েছেন। পাড়া মহল্লার মসজিদে মসজিদে উপস্থিত হয়ে দোয়া চেয়ে বক্তব্য রাখছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিজেদের জন্য দোয়া চাচ্ছেন প্রার্থীরা। এসময় তাদের কাছের সমর্থকদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চালাচ্ছেন নানাভাবে নানা রকম প্রচারণা। এ ছাড়া জুমার দিনে মসজিদে আগে গিয়ে কুশল বিনিময় করছেন মুসল্লিদের সাথে, দোয়াও চাচ্ছেন। তবে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানালেও সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। এর দায় এক প্রার্থী অন্য প্রার্থীকে করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের পাশে ঝুলছে মনোনয়ন প্রত্যাশীদের শুভেচ্ছা বাণী ও ভবিষ্যত উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র। তবে রাতের আঁধারে গোপনে মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন, পোস্টার ছিড়ে ফেলা ও গায়েব করার ঘটনাও সংগঠিত হচ্ছে।
একাধিক মনোনয়ন প্রত্যাশীরা জানান, মনোনয়ন চাওয়ার অধিকার সবারই আছে। কিন্তু কিছু মনোনয়ন প্রত্যাশীদের দাবি, কে বা কারা রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলছে। দূর্বৃত্তরা চায় না আমরা প্রচারণা করি, জনগণ আমাদের সমর্থন করুক। ভীত হয়ে এইসব পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা আহমেদ আজিজ ২নং ওয়ার্ডের ফেস্টুন ছেঁড়ার ঘটনায় ফেসবুক পোষ্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ওরা আপনাদের পায়ের নখের যোগ্যতা রাখে না বলেই এই জঘন্য নোংরা কাজ করে। ধিক্কার জানাই ঐ সকল মানুষ রুপি জানোয়ারদের যারা মনুষ্যত্বকে কলংকিত করে নিজের নোংরা মনমানসিকতার বহিঃপ্রকাশ করে। মনোক্ষুন্ন হবেন না এতে আপনাদের জনপ্রিয়তা আরো বাড়বে ইনশাআল্লাহ।
এ প্রসঙ্গে নাসিক ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আপনারাই দেখুন কত ভিতু হলে একজন প্রার্থী এই কাজ করে? চাদাঁবাজের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে কথা বলছি বলে এই অবস্থা। সব চেয়ে নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ হলো এই বিদেশী ভাইয়েরা য়ারা এখানে জমি কিনে বাড়ি করেছে, তারা আমাকে ভালোবেসে ফেস্টুন লাগাতেই যেনো অপরাধ করেছে। রাতে আঁধারে লোকজন দিয়ে এসব করাচ্ছে। পাইনাদি শাপলা চত্বরেও আমার কয়েকটি ফেস্টুন লাগানো ছিল। ছুরি দিয়ে কেটে নষ্ট করে দিয়েছে। এর বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। কুকরের কাজ পায়ে কামড়ানো উপরে নয়, আমিও যদি পায়ে কামড় দেই, তাহলে তো আমিও কুকুর হয়ে গেলাম। একই ওয়ার্ডে অপর কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুর রহমান বলেন, আমার বেশ কিছু ডিজিটাল ফেস্টুন ছুড়ি দিয়ে কেটে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা।
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মহসিন ভূইয়া বলেন, ৮নং ওয়ার্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে ডিজিটাল ব্যানার, ফেস্টুন সাটিয়েছি। কিন্তু রাতের আধারে অন্য কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা আমার ব্যানার, ব্যানার, ফেস্টুন সাটিয়েছি। কিন্তু রাতের আধারে অন্য কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা আমার ব্যানার, ফেস্টুন ছিঁঢ়ে ফেলেছে।
পোস্টার ছেঁড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ওমর ফারুক বলেন, ডিজিটাল ব্যানার, ফেস্টুন সাটিয়েছি শান্তি পাচ্ছি না। রাতের আধারে দূর্বৃত্তরা ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলছে। অনেক সময় ব্যানার, ফেস্টুন খুলে নিয়ে যাচ্ছে।


