সিদ্ধিরগঞ্জে ২ ভিওআইপি ব্যবসায়ী আটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৬:৩৮ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজন অবৈধ ভিওআইপি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ওপর র্ভিত্তি করে গতকাল (১১ ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করে র্যাব-১১। আটকররা হলো মো. সাইদুর রহমান (৩২) এবং তার সহযোগী মো. হাসিবুল ইসলাম (২৯)। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ২ টি স্মার্টফোন ও ২ টি ল্যাপটপ জব্দ করা হয়।
র্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, আসামীরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানীর সাথে যোগাযোগ স্থাপন করে নিয়মবহির্ভূতভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। অধিক জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে এই পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা তারা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করেছে। বিটিআরসি কর্মকর্তাগণের ভাষ্যমতে অভিযুক্তদ্বয় বাংলাদেশ সরকারকে আনুমানিক ৩ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে।
এসব চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এতদপূর্বে বসতবাড়িতে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশী সার্ভার ভাড়া করে কেবলমাত্র মোবাইল ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে লোকচক্ষুর অন্তড়ালে দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় এই ব্যবসা পরিচালনা করছে বলে জানা যায়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


