সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত রোববার (১২ ডিসেম্বর) রাত ৯ টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ার ১৫ নং মিতালী মার্কেট থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলো : সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিম পাড়ার মো. আরব হোসেনের ছেলে মো. ইব্রাহীম(১৯), সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া জিএম এর বাড়ীর ভাড়াটিয়া মৃত হাবিবুল্লাহর ছেলে মো. আমির হোসেন (২৮), সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়ার মো. মহিউদ্দিনর ছেলে মো. শফিকুল ইসলাম (২৮), ফতুল্লা থানার সোনালী মার্কেট ব্রীজের পাশে বিল্ডিংয়ে বসবাসরত আ. সামাদ মৃধার ছেলে মো. আ. কুদ্দুস মৃধা(২৮) এবং সিদ্ধিরগঞ্জ থানার সাহেব পাড়া এলাকার মৃত হানিফের ছেলে মো. আরমান। গ্রেফতার করার সময় তাদের হেফাজত হতে ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি জিআই পাইপ, ৪টি ছোরা, ১টি রামদা উদ্ধার এবং মোটর সাইকেল- ০৩টি জব্দ করা হয়।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কতিপয় দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া সাকিনস্থ, ১৫ নং মিতালী মার্কেটে পলাতক আসামী বিল্লালের ক/১৮ নং দোকানের ভিতর ও সামনে গলির মধ্যে অবস্থান করছে। এ প্রেক্ষিতে র্যাব-১১ এর আভিযানিক দল উক্ত স্থানে হাজির হয়ে সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল। এই বিষয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


