বঙ্গবন্ধুর নির্দেশেই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি-মাহবুব উদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৪৮ পিএম
স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম বলেছেন- বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একসূত্রে গাঁথা।তিনি বুধবার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বঙ্গবন্ধুর নির্দেশেই আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। তিনি বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের পর বঙ্গবন্ধুর সাথে ব্যক্তিগত সম্পর্কের কারনেই জানতে পেরেছিলাম সশস্ত্র যুদ্ধ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। তার পর থেকেই আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা যারা অংশ নিয়েছিলাম তারা মৃত্যুর ঝুঁকি নিয়েই ঝাপিয়ে পরেছিলাম। এক সাথে যুদ্ধ করতে গিয়েই অনেক মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। আজও ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যেই স্বাধীনতার পতাকাকে ছিনিয়ে এনেছিলাম সেই পতাকা সেই স্বাধীনতাকে স্বাধীনতার পরাজিত শক্তিরা ব্যর্থ করে দিতে চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে।

বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শহীদ বুদ্ধিজীবী ডাঃ ফজলে রাব্বির জামাতা অধ্যাপক ডাঃ মামুন আল-মাহতাব স্বপ্নীল, মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, বিদ্যানিকেতন ট্রাষ্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ট্রাস্টি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, আফজাল হোসেন পন্টি, জাকির হোসেন, মাহবুবুর রহমান, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা দেশের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন।


