Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সহিংসতা আহত অর্ধশতাধিক দুইটি ওয়ার্ডে নির্বাচন স্থগিত

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:০৯ পিএম

আড়াইহাজারে সহিংসতা আহত অর্ধশতাধিক দুইটি ওয়ার্ডে নির্বাচন স্থগিত
Swapno

আড়াইহাজারে ১০টি ইউনিয়নে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে একটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডের কেন্দ্রে গোলযোগের ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এখানে পরবর্তীতে ফের তফসিল ঘোষণা করা হবে।

 

ওয়ার্ডগুলো হলো উপজেলার বিশনন্দী ইউনিয়নের ১নং ও ৪নং ওয়ার্ড। উপজেলা নির্বাচন কমিশনার সুলতানা এলিন গতকাল এ তথ্য নিশ্চিত করছেন। তিনি বলেন, কেন্দ্রের ভেতরে গোলযোগের কারনে দুইটি ওয়ার্ডে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ফের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

 

এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই নারী টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। ২৬ ডিসেম্বর দিবাগত রাত থেকে ২৭ ডিসেম্বর সকাল পর্যন্ত হামলার এসব ঘটনা ঘটে। এদের মধ্যে অনেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা জনক অবস্থায় কাউকে কাউকে ঢাকায় পাঠানো হয়েছে। টেটাবিদ্ধ চিকিৎসাধীন প্রবাসীর স্ত্রী আহত কারিমা নামে এক নারী বলেন, উচিতপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের (তালা) প্রতীকের আমি-আলামিনের পক্ষে প্রচারণায় ছিলাম। আমাদের প্রার্থীর জয়ী হয়েছে। পরাজিত প্রার্থী সাবেক ইউপি সদস্য (ফুটবল) প্রতীকের মাহম্মদ আলী ও সবুজসহ তাদের লোকজন আমার ওপর হামলা চালায়।

 

প্রবাসীর স্ত্রী আরও বলেন, ‘আমি সকালে বাজার করতে স্থানীয় আতাদী বাজারে গিয়েছিলাম। এ সময় তারা আমার ওপর অর্তকিত হামলা চালায়। এ সময় আমাকে টেটাবিদ্ধ করা হয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলি। আমি এর সঠিক বিচার চাই। সুষ্ঠ নির্বাচন হয়েছে। আমাদের ওপর কেন হামলা করা হলো। স্বাধীন দেশে থেকে কেন পরাধীন হয়ে থাকবো।’

 

টেটাবিদ্ধ অপর নারী তায়েবা বলেন, আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন গর্ভবতী নারী। হামলাকারীরা আমার পায়ে টেটাবিদ্ধ করেছে। উচিতপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য আল-আমিন বলেন, আমি (তালা) প্রতীকে ১ হাজার ২৫৭ ভোট পেয়ে বিজয়লাভ করেছি। পরাজিত প্রার্থী আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছে। অন্তত ১০-১৫জনকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় আমার স্ত্রীসহ অন্যান্য নারীদের স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

 

এলাকায় আতংক বিরাজ করছে। বিশনন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য (ফুটবল) প্রতীকের প্রার্থী বলেন, গাজীপুরা প্রাইমারী স্কুলের কেন্দ্রে ১০টা পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে চলছিল। হঠ্যাৎ (তালা) প্রতীকের প্রার্থী কেন্দ্র থেকে আমার লোকজনকে বের দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা মারধর করে। এতে অন্তত ১৫জন আহত হয়েছেন। পরে কেন্দ্রে গোলযোগের সৃষ্টি হয়। এতে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়।

 

বিশনন্দী ৯নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের এজেন্ট ফয়জউদ্দিন বলেন, দয়াকান্দা কেন্দ্রে টিউওয়েল, তালা ও মোরগ প্রতীকের লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় তারা আমাদের ওপর হামলা চালায়। বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় প্রার্থী শাহীন মিয়াসহ ২০-২৫জন আহত হয়েছেন। উচিতপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য ও পরাজিত প্রার্থী অভিযুক্ত মাহম্মদ আলীর কাছে জানতে তার মোবাইলে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন