দিপ্তী ডাইং কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৭:০৫ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি না থাকায় দিপ্তী ডাইং এ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড নামক কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৯ ডিসেম্বর) দাপা ইদ্রাকপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি’র বিছিন্নকারী টীম, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টীম এবং পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার দাপা ইদ্রাকপুরে অবস্থিত দিপ্তী ডাইং এ্যান্ড ফিনিশিং মিলস লিঃ কারখানাটি দীর্ঘদিন যাবত পরিবেশগত ছাড়পত্র এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল।
এ অপরাধে পরিবেশ অধিদপ্তর কারখানাটিকে এর আগেও জরিমানা ও ইটিপি স্থাপনের নির্দেশনা দিয়েছিল। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে কারখানা কর্তৃক তাদের কার্যক্রম ও পরিবেশ দূষণ অব্যাহত রাখে।
বুধবার অভিযান পরিচালনা করে কারখানাটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে পরিবেশ অধিদপ্তর।


