ফতুল্লায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৮:১৭ পিএম
ফতুল্লার মাসদাইরে পুলিশের উপর হামলার ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শত জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। থার্টি ফাস্ট নাইটে ফতুল্লার মাসদাইর বাজারে এ ঘটনায় শনিবার (১ জানুয়ারি) রাতে ফতুল্লা মডেল থানায় এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে দুইজনকে গ্রেফতার দেখিয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে দেড়শ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
মামলায় গ্রেফতারকৃতরা হলো- মাহাবুব ওরফে লাভু (৩৫) ও হাসিবুর রহমান সাব্বির (৩৪)। পলাতকরা হলেন- নাসির কসাইয়ের দুই ছেলে সেলিম কসাই তার ছোট ভাই রাসেল, রসা কসাইয়ের ছেলে শাওন, আছাস কসাইয়ের ছেলে আল আমিন, নুরু মিয়ার ছেলে রাকিব, কামালের ছেলে রাজিব, জুলহাসের ছেলে সানি, চুন্নুর ছেলে সাগর, মৃত.মানিকের ছেলে বাবু, মোহাম্মদ আলীর ছেলে জাহিদ, লেবু মিয়ার ছেলে ফেরদৌস, মতি মিয়ার ছেলে ফয়সাল, আয়ুব আলীর ছেলে বাবু, পুকু মিয়ার ছেলে শাকিল, দোলন, রানা, কৃসনা, হৃদয়, জুয়েল, রাজু, রুবেল, ইট্রু রিপন, শাহিন, ফরহাদ, নাসির কসাই, পারভেজ, পোড়া কাকন, শাহীন, ডিপজল, মামুন, পাভেল, ডিব্বা হালিম, সঞ্জয়সহ অজ্ঞাত ১৫০জন। এজাহার সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারী রাত সোয়া ১টায় জরুরী সেবা ৯৯৯ নম্বরের ফোনে জানানো হয় ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় সন্ত্রাসী কাকন, সেলিম কসাই ও শাওন কসাই গ্রুপ থার্টি ফাষ্ট নাইট পালন করতে পাল্টাপাল্টি অবস্থান নেয়।
খবর পেয়ে পুলিশ মাসদাইর বাজারে এসে উভয় গ্রুপকে শান্ত করেন। পরে রাত সোয়া ২টায় আবার কাকন, সেলিম কসাই ও শাওন কসাই গ্রুপ জনবল বাড়িয়ে দেশীয় অস্ত্রসস্ত্র হাতে ইটপাটকেলসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় গ্রুপ মাসদাইর বাজারে পথচারীদের যানবাহন ভাংচুর করে। এসময় এসআই শাহাদাত হোসেন ও তার সঙ্গীয় কনষ্টেবল জুয়েল, সজিব ও তাদের বহনকৃত সিএনজি চালক রিয়াজ হোসেন ইট পাটকেলের আঘাতে আহত হয় এবং তাদের সিএনজির সামনের গ্লাস ভাংচুর করা হয়। এসময় পুলিশ চার রাউন্ড গুলি ছুড়ে আত্মরক্ষা করে। তখন অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।এখন পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


