পিস্তল উঁচিয়ে হামলার ভিডিও ভাইরাল, যুবক গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৯:০৯ পিএম
ফতুল্লায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার ভাইরাল হওয়া ভিডিওর ৫ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে। গতকাল (২ জানুয়ারি) বিকালে ভিডিও ভাইরাল হয়ে যায়। আটককৃত যুবক তিনি ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকার ফকিরার ছেলে।
প্রভাব বিস্তার নিয়ে গত ২৪ ডিসেম্বর রাতে কিশোর গ্যাংলিডার আবু কালাম ইসদাইর কাপুরাপট্টি এলাকায় একটি সামাজিক সংগঠনের অফিসে হামলা চালায়। ওই সময় কালামের সঙ্গে আসা কিশোর অপরাধীরা ফরহাদ নামে এক ছেলেকে এলোপাতাড়ি মারধর করে। তখন ফরহাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবু কালাম ও তার লোকজনদের ধাওয়া করে। এ সময় আবু কালাম তার হাতব্যাগ থেকে একটি কালো রঙের পিস্তল বের করে ভয় দেখিয়ে এলাকা ত্যাগ করে।
আর সেই ভিডিও গতকাল বিকালে ভাইরাল হয়ে যায়। রোববার রাতের মধ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রোববার রাতেই আবু কালামকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম জানান, পিস্তলটি তার বোনের বাসায় আছে। তার পর তাকে নিয়ে তার বোনের বাসায় যাওয়া হয় এবং তার দেখানো স্থান থেকে একটি কালো রঙের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলমান।


