নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় ৫০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১২:৫২ পিএম
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় অন্তত ৫০ যাত্রী নিয়ে ট্রলার ডুবে গেছে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার সকাল ৮টায় সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, 'সকাল ৮টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল। প্রচণ্ড কুয়াশায় আশে পাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে ৮ থেকে ১০ জন। তাদের নাম এখনো নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, 'আমরা উদ্ধার কাজ শুরু করেছি। ৮ জন নিখোঁজ রয়েছেন।'


