থার্টি ফাস্ট নাইটে পুলিশের উপর হামলা, ২ আসামী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০২:৫১ পিএম
ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় থার্টি ফাস্ট নাইট পালনকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলায় পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগের মাসদাইর এলাকায় নিউ বাধন কমিউনিটি সেন্টার এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ২ আসামী হল, পশ্চিম দেওভোগ এলাকার কামালের ছেলে রাজিব (২৮), ও জুলহাসের ছেলে সানি (২২)। র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৩১ ডিসেম্বর রাতে মাসদাইর বাজার এলাকায় কাকন, সেলিম কসাই ও শাওন কসাই গ্রুপ থার্টি ফাস্ট নাইট পালনকে কেন্দ্র করে শান্তি শৃংখলা বিনষ্ট ও উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে। অভিযোগে ঘটনাস্থলে গিয়ে উচ্ছৃঙ্খল জনতাকে শান্ত ভাবে বুঝিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এর কিছুক্ষণ পর রাত সোয়া ২ টায় কাকন, সেলিম ও শাওন কসাই গ্রুপ আরো জনবল বাড়িয়ে লাঠি, লোহার রড, শাবল, ইট পাটকেল ইত্যাদি সহ মাসদাইর বাজারে এসে জনগনের গাড়ী ভাঙচুর করতে থাকে। পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ইট পাটকেল নিক্ষেপের ফলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশের রিকুইজিশন কৃত গাড়ী ভাংচুর করে।
পরবর্তীতে পুলিশ বাদী হয়ে ২৫ জন নামীয় আসামী এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামীদের ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


