রূপগঞ্জে বাণিজ্য মেলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৭:৪২ পিএম
রূপগঞ্জে পূর্বাচল ৪ নম্বর সেক্টরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রথমবারের মতো বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ভোক্তাদের সঙ্গে ব্যবসায়ীদের প্রতারণা ঠেকাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফলে, এবার বাণিজ্য মেলায় পণ্য বিক্রিতে প্রতারণা অনেকটা কমেছে বলে দাবি করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা
। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো সুলতান বিরিয়ানি হাউজ ও মিঠাই মিস্টি দোকান। এদের মধ্যে বিরিয়ানিতে কক মুরগীর কথা বলে বয়লার মুরগী দিয়ে ভোক্তাদের ঠকানোর অপরাধে সুলতান বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা ও ফ্রিজে আইসক্রিম এর সাথে মুরগির মাংস রাখার অপরাধে মিঠাই মিস্টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল জব্বার মন্ডল সহকারী পরিচালক, ঢাকা জেলা কার্যালয়, জান্নাতুল ফেরদাউস ও তাহমিনা বেগম সহকারী পরিচালক, প্রধান কার্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।


