সোনারগাঁয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে হামলা নারীসহ আহত ৫
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৩:৫৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের কাহেনা এলাকায় ছাগলে গাছ খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতদের সোনারগাঁ উপজেলা সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে।
এঘটনায় আহতের ভাই নুর মোহাম্মদ মোল্লা বাদী হয়ে সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগে বাদী উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা এলাকায় হালিম মোল্লার ছাগল পাশ্ববর্তী আমির হোসেনের লাগানো কয়েকটি কাঠাল গাছ মঙ্গলবার সকালে খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরবর্তীতে বিকেল ৪ টার দিকে হালিম মোল্লা ও তার সহযোগি শাকিল মোল্লা, রিফাত মোল্লা, আবুল মোল্লা, হামিদ ও রাতুলসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, লোহার রড হকিস্টিক ও কাঠের লাঠি নিয়ে আমির হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলায় আমির হোসেন, মুকবুল হোসেন, সোহেল ও মাসুদা বেগমসহ ৫ জন আহত হয়। ঘটনার সময় আমির হোসেনের বাড়িঘর ভাংচুর করা হয়।
এতে বাঁধা দেওয়ায় আমির হোসেনের স্ত্রী মাসুদা বেগমকে মারধর ও শ্লীলতাহানী করে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
অভিযুক্ত হালিম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। আমাদের লোকজনও আহত হয়েছে। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


