সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত-৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৪:০৭ পিএম
গতকাল সিদ্ধিরগঞ্জে মাদকব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রপের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিদ্ধিরগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ীদের চলছে মহড়া। তারই সূত্র ধরে দুইগ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। জানা গেছে, সিআইখোলা এলাকায় মিজমিজি টিসি রোড এলাকার মাদক ব্যবসায়ী জসিমের সহযোগী সোহেল আরমান ও আবু কালাম ইয়াবা বিক্রি করছিল। এসময় ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে মাদক ব্যবসায়ী ইকবাল তাদেরকে ধরে মারধর করে। খবর পেয়ে জসিম তার ২০/২৫ জন সহযোগী নিয়ে ইকবালের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও তার স্ত্রী ডলি আক্তারকে মারধর করে। পরে ইকবাল তার সহযোগী রানা, রতন, শফিউদ্দিন ও আমজাদসহ ১৫/২০ মিলে লাঠি-সোটা নিয়ে টিসি রোড এলাকায় গিয়ে পাল্টা হামলা চালায়।
এসময় ইকবাল বাহিনীর লাঠির আঘাতে জসিমের মাথা পেটে রক্তাক্ত জখম হয়। এ খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল ঘটনাস্থলে ছুটে আসেন। তখন পুলিশের সামনেই দুইগ্রুপ মারমুখী হয়ে উঠে। তখন পুলিশ কঠোর অবস্থান নিলে দুই গ্রুপ ছত্রভঙ্গ হয়ে যায়। এ বিষয়ে ইকবালের স্ত্রী ডলি আক্তার জানায়, সোহেল আরমান ও আবু কালাম ইয়াবা বিক্রি করছিল। আমার স্বামী প্রতিবাদ করায় জসিম তার লোকজন নিয়ে বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় আমি ও আমার ননদকে মারধর করে হুমকি দেয় ইকবালকে পেলে জীবনে মেরে ফেলবে এবং আমার শিশু মেয়েকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
সোহেল আরমান বলেন, আমি ও আবু কালাম সিআইখোলা এলাকায় দিয়ে বাসায় ফেরার সময় ইকবাল মারধর করে সাথে থাকা মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ইয়াবা বিক্রির অভিযোগ মিথ্যা দাবি করেন তারা। গুরুতর আহত জসিমের ভাই ফারুক জানান, সোহেল আরমান ও আবু কালাম জসিমের বন্ধু। মাদক ব্যবসায়ী ইকবাল তাদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে জসিম ইকবালের বাড়ীতে গিয়ে মোবাইল ও টাকা ফেরত চাইলে তাদের উপর হামলা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, দুই গ্রুপের মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। কি কারণে মারামারি হয়েছে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


