সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় বিএনপি নেতা গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৪:১৮ পিএম
সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বিএনপি নেতা সাইফুল ইসলাম ওরফে সাদু (৪৯) কে গ্রেফতার করেছে র্যাব-১১’র সদস্যরা। মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুরে তাকে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইদুল ইসলাম সাদু সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক। একই দিন বিকালে র্যাব-১১’র সদর দপ্তর থেকে মিডিয়া অফিসার মো: রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, ধৃত আসামী দেশের সার্বভৌমত্ব বিপন্ন ও জন নিরাপত্তা বিঘ্ন করার উদ্দেশ্যে জনসাধারণ বা জন সংগঠনের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকারী কর্মচারীকে ক্ষতিসাধনের উদ্দেশ্যে আঘাত করে জখম ও যানবাহনে অগ্নিসংযোগ করে।
মামলা হওয়ার পর থেকে তিনি গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিমাইকাশারী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


