ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি মালয়শিয়া ফেরত যাত্রীর সর্বস্ব লুট
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৭:২৮ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার শুকতারা সিএনজি ফুয়েল ষ্টেশনের সামনে গত বৃহস্পতিবার গভীর রাতে জুয়েল নামে মালয়শিয়া ফেরত এক যাত্রীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা প্রবাস ফেরত যাত্রীর কাছ থেকে পাসপোর্ট টিকেট, নগদ মালয়শিয়ান রিংগিট, স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল সেট ও অন্যান্য মালামালসহ সর্বস্ব লুটে নিয়ে যায়। প্রবাসী যাত্রী জুয়েল কুমিল্লা জেলার বুড়িচং থানার আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় জুয়েল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী প্রবাসী যাত্রী জুয়েল বলেন, দীর্ঘ চার বছর পর মালয়শিয়া থেকে ছুটিতে সে দেশে আসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার শুকতারা সিএনজি ফুয়েল ষ্টেশনের সামনে এলে গভীর রাতে তার গাড়ীটি সামান্য একটু যানজটে পড়ে।
এসময় দেশীয় অস্ত্র হাতে ৮/১০ জনের একটি ডাকাতদল হঠাৎ আমাদের গাড়িটি ঘেরাও করে ভয় দেখিয়ে আমার সঙ্গে থাকা ভিসা লাগানো পাসপোর্ট টিকেট, ৮০ হাজার টাকা সম পরিমান মূল্যের মালয়শিয়ান রিংগিট, স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল সেট ও অন্যান্য মালামালসহ সর্বস্ব লুটে নিয়ে যায়।
ডাকাতি হওয়া গাড়ির চালক আমির হোসেন বলেন, আধা কিলোমিটার যানজট ঠেলে যখন শুকতারা সিএনজি ফুয়েল ষ্টেশনের সামনে এসে পুনরায় আবার যানজটে আমার গাড়িটি আটকে গেল তখনই এই ঘটনা ঘটে। আমার সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড ও টাকা পয়সা সব নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শুক্রবার ভোর ৪টায় সোনারগাঁ থানার এসআই সুজন তাদেরকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত পুলিশ পহরায় এগিয়ে দেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৪০ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। এসড়কে চলাচল করার সময় রাতে ডাকাত আতঙ্কে থাকেন চালক ও যাত্রীরা। এসড়কে প্রায়ই রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত চক্রের কবল থেকে রক্ষা পাচ্ছে না পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজি ও অটোরিকশার চালকরা। তবে ডাকাতদের সবচেয়ে বেশি টার্গেট বিদেশ ফেরত গাড়ির উপর।


