ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত, অস্ত্র উদ্ধার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৮:১২ এএম
বন্দরে একদল ডাকাত ও ছিনতাইকারীদের হামলায় মো. হাসান (১৯) নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলে পরে তাকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার রামনগর এলাকায় রহিমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি বন্দুক (ইয়ার গান) উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, এ এলাকায় গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই শুরু হয় ছিনতাই ও ডাকাতি। রাতে প্রতিদিন কোন না কোন বাড়িতে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটছে।
ডাকাতরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি ও ছিনতাই কাজ করে থাকে। এতে এলাকায় আতংকের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিক চোর ও ডাকাতকে ধরলেও পরে তারা আবার উৎপাত শুরু করে। এর মাঝেই শুক্রবার দুপুরে রহিমের বাড়ির সামনে দিয়ে হাসান যাবার সময় তাকে অস্ত্রসহ ৫/৬ জনের একদল ডাকাত ও ছিনতাইকারী ধরে। এসময় তার সাথে থাকা টাকা ও মোবাইল দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে সে ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে ধাওয়া দিলে ডাকাতদল একটি বন্দুক (ইয়ার গান) ফেলে পালিয়ে যায়।
এলাকাবাসী রাসেল জানান, আমরা সকাল ১১ টায় এ ঘটনা ঘটলে সাথে সাথে ৯৯৯ এ ফোন দেই। সাথে সাথে যেখানে পুলীশ আসার কথা সেখানে এসেছে বিকেল ৩ টায়। এর মধ্যে আহতকে হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। অস্ত্র উদ্ধার করা হলেও ডাকাতদের ধরা যায়নি। আর পুলিশের ৪ ঘন্টা পর আসার ঘটনাও রহস্যজনক। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মোহসিন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই সেখানে যাই। সেখানে দু পক্ষের মারামারি হয়েছে বলে জেনেছি। একটি পরিত্যক্ত ইয়ার গান পাওয়া গেছে, সেটি জব্দ করে নিয়ে এসেছি।


