সিদ্ধিরগঞ্জ হতে এক ভুয়া ডাক্তার গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৮ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় সাকিনস্থ নিমাই কাশারী বাজার এলাকার “দাউদকান্দি ফার্মেসী” হতে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ বুধবার বিকাল ৫টার সময় গোপাল মন্ডল (৩১) নামের সেই ভুয়া ডাক্তার কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারের নিকট হতে তার নাম (DR GOPAL MONDAL) সম্বলিত সীলসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার গোপাল মন্ডল (৩১) পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার চাঁদকাঠি এলাকার গৌরন্দ লাল মন্ডল এর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার নামে চিকিৎসা সীল এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী ব্যবহার করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলক ভাবে টাকা গ্রহণ করে। সে রোগীদের সহিত মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


