সিদ্ধিরগঞ্জে নারীকে পিটিয়ে আহত, থানায় জিডি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম
সিদ্ধিরগঞ্জের পূর্ব মাদানি নগর মাদ্রাসা রোড টায়ার মার্কেট এলাকায় রাজিয়া সুলতানা নামের এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৪৪) করেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত সাইফুল হাতুড়ি দিয়ে রাজিয়া সুলতানার দিকে আক্রমনাত্মক ভাব নিয়ে গালিগালাজ করছে এমন একটি ভিডিও ইতিমধ্যে এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলাম কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার ভোষনা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পূর্ব মাদানি নগর মাদ্রাসা রোড এলাকার ডা. নুরুল আলমের বাড়ীর কেয়ারটেকার। জডি ও ভুক্তভোগী ওই নারীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাজিয়া সুলতানা তার বাড়ির ড্রেন পরিষ্কার করানোর সময় সাইফুল ইসলাম এসে বাঁধা প্রদান করলে প্রথমে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ের অভিযুক্ত সাইফুল ইসলাম রাজিয়া সুলতানাকে বুকে লাথি দিয়ে পানিতে ফেলে দেয়। পরবর্তীতে রাজিয়া সুলতানার ছোট ভাই আরিফুল ইসলামকেও মেরে আহত করে অভিযুক্ত সাইফুল ইসলাম। এসময় সাইফুল ইসলামের স্ত্রীও রাজিয়া সুলতানার উপর চড়াও হয়ে আঘাত করে।
ভুক্তভোগী ওই নারীর বড়বোনের স্বামী মোঃ ফেরদৌস ইসলাম বলেন, অভিযুক্ত সাইফুল ইসলাম এর আগেও আমাদের সঙ্গে ঝামেলা করেছেন। আমরা আমাদের ড্রেনের কাজ করাচ্ছিলাম সেখানে সে এসে আমার শ্যালিকার উপর আক্রমন করেন। তিনি কি করে একজন মহিলার বুকে লাথি দিতে পারেন? আমরা এর বিচার চাই। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পিপিএম-বার বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। একজন মহিলার বুকে লাথি দেওয়ার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আহত ওই নারী নারায়ণগঞ্জ তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলেও জানান ওসি মশিউর রহমান।


