আমান আলী হত্যা মামলার প্রধান আসামী আশরাফুল গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৩ এএম
সিদ্ধিরগঞ্জ থেকে চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী আমান আলী হত্যা মামলার প্রধান আসামী আশরাফুলকে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী এলাকায় র্যাব-১১’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আশরাফুল (১৯) কুমিল্লা জেলার হোমনা থানার আসাদপুর দড়িকান্দি গ্রামের মৃত স্বপন মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার টাগারপাড় পুলিশ লাইনস বিসমিল্লাহ গার্মেন্টসের শ্রমিক। একই দিন দুপুরে র্যাব-১১’র সদর দপ্তর থেকে উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৮ জানুয়ারি বন্ধুদের ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী আমান আলী (১৮) হত্যাকান্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত বুধবার (২ ফেব্রুয়ারী) ফতুল্লা মডেল থানায় একাধিক ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
যার মামলা নং-০৯, তারিখ ০২/০২/২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-১ ছায়াতদন্ত শুরু করে।
তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এলাকায় র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল র্যাব সদর দপ্তরের সহায়তায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রধান আসামী আশরাফুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।


