কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৬০০ মুরগি নিধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৭ পিএম
সোনারগাঁয়ে মেয়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শাহনাজ বেগম নামের এক প্রবাসীর স্ত্রীর ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগির বাচ্চা মেরে ফেলেছে বখাটেরা।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পোল্ট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।
সৌদি প্রবাসী স্বামী নেছার আহমেদ বাড়িতে না থাকায় বাড়ির সঙ্গে একটি দোকান ও একটি পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছেন শাহনাজ বেগম। স্বামী বিদেশে থাকায় তার ১৭ বছরের মেয়ে দোকানদারি করে। কয়েকদিন ধরে এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে মেয়েকে উত্ত্যক্ত করছে, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এমনকি কুপ্রস্তাব দেয়।
অভিযোগে বলা হয়, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহনাজের বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে সাজ্জাদ তার দলের বখাটেদের নিয়ে শাহনাজ বাড়িতে প্রবেশ করে পোল্ট্রি ফার্মে হামলা চালিয়ে ফার্মের ৬০০ মুরগির বাচ্চা পদদলিত করে মেরে ফেলে।
এলাকাবাসীরা জানান, সাজ্জাদ হোসেন একজন বখাটে, উচ্ছৃঙ্খল ও মাদক সেবনকারী। তিনি এলাকায় বখাটেপনা করে বেড়ান। কেউ প্রতিবাদ করলে তাকে মারধরসহ ভয়ভীতির হুমকি দেন।
শাহনাজ বেগম বলেন, "বখাটে সাজ্জাদ আমার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করা সহ কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় সে তার বাহিনী নিয়ে আমার ফার্মের ৬০০ মুরগি মেরে ফেলেছে। এতে আমার ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি তার শাস্তি চাই।’আমার ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি তার শাস্তি চাই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


