ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৫ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে রকিবুল হাসান সাব্বির ওরফে রাব্বি (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটায় পাগলা দৌলতপুরের হাফেজ জুনায়েদের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রকিবুল হাসান সাব্বির ফতুল্লার পাগলা দৌলতপুরের হাফেজ জুনায়েদের ভাড়াটিয়া নুর জামালের পুত্র। নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার দিবাগত রাতের দেড়টা থেকে দুইটার মধ্যে নিহত রকিবুল হাসান সাব্বির ওরফে রাব্বি নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
নিহতের পরিবারের সদস্যরা রাত দুইটার দিকে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে নিহতের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে নামিয়ে আনে।পরে পুলিশ সংবাদ পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।


