সোনারগাঁয়ে বিআরটিসি বাস চাপায় অটো চালকের মৃত্যু
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:২২ এএম
সোনারগাঁয়ে টিপুরদী এলাকায় ইউসান নেট কম্পোজিটের সামনে বিআরটিসি বাসের ধাক্কায় সুভাস চন্দ্র দাস (৪৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপুরদী এলাকায় ইউসান নেট কম্পোজিটের সামনে বিআরটিসি বাসের ধাক্কায় সুভাস চন্দ্র দাস (৪৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সুবাস চন্দ্র দাস কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দাসটারী দক্ষিণ রামখানা এলাকার অগন্তী চন্দ্র দাসের ছেলে। কাঁচপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় অটো চালিয়ে যাচ্ছিলেন সুবাস।
পেছন থেকে দ্রুত গতীতে আসা ঢাকাগামী একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫৮৮৫) অটো-রিকশাটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালককে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।


