রূপগঞ্জে পৃথক অভিযানে তিন চাঁদাবাজ গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০ পিএম
রূপগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে ৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল (৮ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানার রুপসী বাসষ্ট্যান্ড ও গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানকালে মো. ওবায়দুল (৪০), মো. সজীব (২৮) এবং মো. আল-আমিন (৩৩) নামের চাঁদাবাজদের বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে গ্রেফতার করা হয়। সেই সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ১ হাজার ৮০৫ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. ওবায়দুল রূপগঞ্জ থানার রুপসী এলাকার মৃত দীন মোহাম্মদ এর ছেলে, মো. সজীব কিশোরগঞ্জ জেলার সদর থানার পিকুরজোড়া এলাকার মো. শামসুদ্দিন এর ছেলে এবং অপর আসামী মো/ আল-আমিন একই থানার যশোদল এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানাধীন রুপসী ও গাউসিয়া গোলাকান্দাইল এলাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি দৈনিক ১০০ টাকা থেকে ২০০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন গাড়ির ড্রাইভার/হেলপার চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


