সোনারগাঁয়ে অর্ধশত ঘর পুড়ে ছাঁই; আগুনে প্রতিবন্ধী নিহত
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৩ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কলোনীতে অগ্নিকান্ডে শিকল বাধা অবস্থায় মানসিক প্রতিবন্ধি এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে প্রতিবন্ধির মা। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কলোনীর অর্ধশত ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফয়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। নিহতের নাম রুমা আক্তার (৩২)। সে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিমবাগড়া এলাকার বাদশা মিয়ার মেয়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সেনপাড়া এলাকায় ফজলুল হক ও মোতালেব মিয়ার কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ফজলুল হক কলোনীর ৩৩টি টিনশেড ঘর ও মোতালেব মিয়ার কলোনির ৮টিসহ অর্ধশত ঘর পুড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে শিকল বাধা অবস্থায় মানসিক প্রতিবন্ধী রুমা আক্তার (৩২) নামে এক নারী নিহত হয়েছে।
তাকে বাচাঁনোর চেষ্টা করতে গিয়ে তার মা তাছলিমা বেগম অগ্নিদগ্ধ হয়েছেন। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সোনারগাঁ, ডেমরা এবং আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত রুমা আক্তারের বড় বোন ঝুমা আক্তার জানান, তার মা কাচঁপুরে পোশাক কারখানায় কাজ করতেন। ছোট বোন রুমা আক্তার গত ৬ ফেব্রুয়ারী কাচঁপুরে তাদের ভাড়াা বাসায় বেড়াতে আসেন। সে মানসিক প্রতিবন্ধী থাকায় তাকে শিকল দিয়ে বেধে রাখা হতো। রাত ৩টায় ঘরের চালে আগুন দেখে আমরা তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে আসি।
পরে রুমার কথা মনে পড়লে তাকে বাচাঁতে গেলে তার মা তাসমিয়া বেগম অগ্নিদগ্ধ হয়ে আহত হয় এবং রুমা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে ওই কলোনীর ৩৩টি টিনসেট ঘর ও ভাড়াাটিযাদের মালামালসহ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বাড়ির মালিক ফজলুল হক ও মোতালিব মিয়া ।
ডেমরা ফায়ার স্টেশনের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা ওসমান গনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে বলেও বাড়ির মালিকপক্ষ দাবি করছেন।


