বন্দরে করোনার চিকিৎসার ভয়ে গৃহবধূর পলায়ন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ পিএম
বেশ কিছুদিন যাবত ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কায় কোন প্রকার চিকিৎসা ছাড়াই বাড়িতে ছিলেন এক সন্তানের জননী রাবেয়া খানম নিলা (৩৮)। পরিবার থেকে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ভয়ে বাসা থেকে পলায়ন করেছেন বলে পরিবার থেকে জানা গেছে। এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি বুধবার বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নীলার স্বামী কাজী মফিজ (জিডি নং ৭৭)।
এর আগে গত ৩১ জানুয়ারি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকায় ঘটনাটি ঘটে। এরপর নিলাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও না পাওয়া যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাবা-মাসহ শশুড় বাড়ির লোকজন। নিলার পিতার বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার আব্দুল্লাহ নগর এলাকায়। এ বিষয়ে নিলার স্বামী কাজী মফিজ মিয়া জানান, নিলা দীর্ঘ কয়েকদিন যাবত ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে ছিল।
করোনা আক্রান্ত হয়েছেন ভেবে নিলা ভীত হয়ে পড়ে এবং কোন প্রকার চিকিৎসা ছাড়াই সে বাড়িতে থাকে। গত ৩১ জানুয়ারি তাকে চিকিৎসার উদ্দেশ্যে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির ব্যবস্থা করার জন্য বাহিরে যাই, ফিরে এসে নিলাকে আর বাড়িতে পাইনি। তখন তাকে আত্মীয়-স্বজনদের বাসাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোন প্রকার খোঁজ না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করি।


