পিকআপের ভিতর মিললো ২০০ বোতল ফেন্সিডিল, গ্রেফতার ২
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৯ পিএম
নারায়ণগঞ্জের বন্দর থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের নিকট থেকে ১৬ হাজার ২০০ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রংয়ের পিকআপ এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের ডিমাতলী এলাকার আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ (৪২) এবং নারায়ণগঞ্জের বন্দরের কেওডালা এলাকার মৃত হাসান আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১'র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটকরা কুমিল্লা থেকে পিকআপ যোগে মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে বন্দরের মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


