যৌতুকের দাবিতে স্ত্রীর হাতের কর্ব্জী কর্তন পাষণ্ড স্বামী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৪ পিএম
ফতুল্লার ভূইগর এলাকায় যৌতুকের দাবিতে পাষন্ড স্বামী স্ত্রীকে হাত-পা বেঁধে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় অভিযুক্ত মোঃ রফিক (৩১) কে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১’র প্রধান কার্যালয়ে র্যাব-১১’র অধিনায়ক (সিও) লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) র্যাব-১১ ও র্যাব-৭’র যৌথ অভিযানে নৃশংস এ ঘটনার আসামি মো. রফিককে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, প্রায় দেড় বছর পূর্বে গ্রেফতারকৃত আসামি মোঃ রফিকের সঙ্গে ওই নারীর বিবাহ হয়। বিয়ের পর আসামী রফিক ব্যবসার জন্য তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে।
ওই নারী তার বাবার বাড়ী থেকে এক লাখ টাকা এনে দিলেও আরো এক লাখ টাকার জন্য রফিক প্রায়ই তার স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে মারধর করে সে তার স্ত্রীকে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। এরপর রফিকের শশুরের পরিবার পুণরায় যৌতুকের টাকা দেয়ার আশ্বাস দেয়। ফলে গত এক মাস আগে সে তার স্ত্রীকে পুনরায় ফতুল্লায় ভাড়া বাসায় নিয়ে আসে।
পরে যৌতুকের টাকা না পাওয়ায় চলতি বছরের ১৫ জানুয়ারি সন্ধ্যায় রফিক তার স্ত্রীর হাত-পা বেঁধে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কব্জি কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় ওই গৃহবধূর ভাই মো. রুবেল বাদী হয়ে গত ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (যার নং-৪৩) দায়ের করেন।
ঘটনার পর আসামি মো. রফিক তার স্ত্রীকে বাসায় তালাবদ্ধ করে পালিয়ে যায় এবং গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মো. রফিক ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


