লাঙ্গলবন্দে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৫ পিএম
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ সুজন মিয়া (২৫) ও শরীফ হোসেন (২২) নামে ২ মাদক কারবারীকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের বেঁদে পল্লী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ সাজ্জাদ করিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সোনারগাঁয়ের সোনাখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে হাইওয়ে পুলিশ। এসময় কুমিল্লা থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৭৩০১) থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে চালক।
পরে ট্রাকটির পিছু নিয়ে ধাওয়া করে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় পৌছালে ট্রাকটি আটক করে পুলিশ। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং গাড়ীর চালক ও তার সহযোগি দুই মাদক কারবারীকে আটক করে হাইওয়ে পুলিশ।


