সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে আহত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৩ পিএম
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার বিকেলে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্ডা এলাকায় মুকবুল হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে শনিবার রাতে তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডার বড়বাড়ি এলাকার ব্যবসায়ী মুকবুল হোসেনের সঙ্গে একই এলাকার আব্দুল আজিজ মিয়া জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার বিকেলে আব্দুল আজিজ ও তার সহযোগি আরো ৪/৫ জন মিলে এশিয়ান হাইওয়ের সড়কের পাশে ব্যবসায়ীর জমি অবৈধভাবে দখল করে নেয়ার চেষ্টা করে। এসময় ব্যবসায়ী তার ব্যবসায়ীক কাজে বাড়ি হইতে রওনা হয়ে গাউছিয়া মার্কেটে যাওয়ার পথে দখলের বিষয়টি দেখতে পাইয়া মৌখিক ভাবে বাধা দেয়।
এসময় ক্ষীপ্ত হয়ে আব্দুল আজিজ ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী মুকবুল হোসেনকে পিটিয়ে আহত করে তার সঙ্গে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় ব্যবসায়ী মুকবুল হোসেনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যবসায়ীর স্ত্রী খালেদা বেগম জানান, আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেছে।
আমি এর ন্যায় বিচার চাই। অপর দিকে অভিযুক্ত আজিজ মিয়া জানান, জমি নিয়ে বিরোধ রয়েছে এ কথা সত্য, কিন্তু এঘটনার সাথে আমি জড়িত নই। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাইদ পিয়াল জানান, ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


