সহকর্মীর অস্ত্রাঘাতে দিনমজুর জখম
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ পিএম
বন্দরে তুচ্ছ ঘটনার জের ধরে শফিক(৩৫) নামের দিন মজুরকে নির্মমভাবে কুপিয়ে জখম করেছে তারই সহকর্মী বাচ্চু মিয়া। রোববার সকালে বন্দর উপজেলাধীন সোনাকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ১নং মাধপপাশা এলাকার আহত শফিক বাদী হয়ে বাচ্চু মিয়াকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, রোববার সকালে দিনমজুর শফিক সোনাকান্দা স্কুলের সামনে মাটি কাটার কাজ করছিল।
সকাল ৯টার দিকে তিনি নাস্তা শেষে পানি এগিয়ে দেয়ার কথা বললে বাচ্চু মিয়া ক্ষিপ্ত হয়ে যায়। পরে কথাকাটি শুরু হয়। পানি কেন এগিয়ে দিবে এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। উভয়ে অকথ্য ভাষায় একে অপরকে গালাগাল করতে থাকে। একপর্যায়ে দিনমজুর বাচ্চু ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা সাবল দিয়ে সজোরে আঘাত করে তারই সহকর্মী শফিককে। রক্তাক্ত জখমাবস্থায় চিৎকার করে মাটিয়ে লুটিয়ে পড়ে শফিক। এ সময় আহতের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন।


