আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৯ পিএম
আড়াইহাজারে সোমবার পরিত্যক্ত অবস্থায় ৮টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোম্বগুলো ডিসপোজাল করেন। এসময় তিন দফা বোম্ব বিস্ফোরণে আশপাশের পুরো এলাকা কম্পিত হয়ে ওঠে। স্থানীয় উচিৎপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাঙ্গালিয়া বাজারে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে একটি প্লাসটিকের ছোট্র বালটিতে ককটেলগুলো রাখা ছিল।
খবর পেয়ে এর আগে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে ঘিরে রাখেন। উচিৎপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য রশীদ মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একব্যক্তি প্লাস্টিকের বালতি নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। তার হাতে একটি ছুরিও ছিল। পরে তাকে দেখে সে হাতে থাকা বালতি রেখে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আমি পুলিশে খবর দিয়েছি। এদিকে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা রাতের আধারে ককটেলগুলো রেখেছে। তা এখনো বের করা সম্ভব হয়নি। তবে এনিয়ে আমাদের তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, তবে পুলিশের তাৎক্ষণিক তৎপরতার কারণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এডিসি রহমত উল্যাহ চৌধুরী, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা, আড়াইহাজার থানার এসআই আলমগীর, সিটিটিসি ইউনিটের সদস্য আবুল বাশার, মোদ্দাছের কায়ছার ও রাইসুল ইসলামসহ আরো অনেকে।


