মদনপুরে এবি কটনের শ্রমিকদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৪ পিএম
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরে অবস্থিত এবি কটন যারা সুরুজ মিয়া স্পিনিং মিলস ভাড়া নিয়ে তাদের উৎপাদন কার্যক্রম চালাচ্ছে তাদের শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবী জানিয়ে (১৪ ফেব্রুয়ারি) সোমবার দুপুর ২টায় মিলের সামনে মদনপুর টু জয়দেবপুর সড়কের চাঁনপুরে রাস্তা অবরোধ করে রাখে এবং বেতন চাই বেতন চাই স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এতে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার 'খ' সার্কেল শেখ বিল্লাল হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ধামগড় ফাঁড়ির পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। বৃহস্পতিবারের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করবেন শেখ বিল্লাল হোসেন এমন আশ্বাস দিলে দুপুর সাড়ে ৩ টায় শ্রমিকরা অবরোধ তুলে প্রতিষ্ঠানের ভিতরে অবস্থান নেয়।
এসময় শ্রমিকরা গণমাধ্যমকে জানান, '১০ ফেব্রুয়ারি আমাদের বেতন দেয়ার কথা। কিন্তু কয়েকদিন চলে গেছে তারা বেতন দিতে পারছেনা। প্রতিষ্ঠানের মালিক পক্ষ, কর্মকর্তারা বিগত কয়েকদিন যাবৎ মিলে আসেনা। আমাদেরকে আনা নেয়ার স্টাফ বাস বন্ধ করে দেয়া হয়েছে এবং উৎপাদনের কোন কাঁচামাল মিলের মধ্যে নেই। তারা আমাদের বেতন না দিয়ে প্রতিষ্ঠান ফেলে পালিয়ে গেছে।
তাই কোন উপায় না পেয়ে আমরা রাস্তা অবরোধ করেছি'। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেন বলেন, 'বিষয়টি নিয়ে সুরুজ মিয়া গ্রুপের চেয়ারম্যান সুরুজ মিয়ার সাথে ফোনে কথা বলেছি। (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ২টায় শ্রমিকদের বকেয়া বেতন দেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন'। তবে বক্তব্য নেয়ার জন্য এবি কটনের মালিকপক্ষ ও কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।


