বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শফিকুল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম
রূপগঞ্জ থেকে শফিকুল হত্যা মামলার যাবজ্জীবন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৪৬) নারায়ণগঞ্জের রূপগঞ্জের বানিয়াদি গ্রামের বশির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, ২০০৫ সালে রূপগঞ্জের বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলামকে (২৪) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। ওই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে ধৃত আসামি মো. কামাল হোসেনসহ (৪৬) অন্যান্য আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে উল্লিখিত ধৃত আসামিসহ তার অন্যান্য সহযোগীদেরকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদের সাজা ঘোষনা করেন। এই মামলায় বিজ্ঞ আদালত মোঃ কামাল হোসেন (৪৬)’কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।
র্যাব আরো জানায়, মামলার রায় হওয়ার পর অভিযুক্ত আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে বিগত প্রায় ১০ বছর যাবৎ এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


